এআই শেখাবে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প
আগামী ১৮ জুন, বৃহস্পতিবার অনলাইনে “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স” বা কৃত্রিস বুদ্ধিমত্ত্বা বিষয়ক একটি প্রশিক্ষণ আয়োজন করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প। প্রকল্পের “এডুকেশন ফর ন্যাশন” এর আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রশিক্ষণটি শুরু হবে।
এই প্রশিক্ষণটিতে রিসোর্স পারসন হিসেবে সংযুক্ত হবেন জাপানের ওসাকা ইউনিভার্সিটি’র সহযোগী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান আহাদ, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. এম সোহেল রহমান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদা।
আয়োজক সূত্রে জানাগেছে, সবার জন্য এই পুরো আয়োজনটি আগামী ১৮ জুন, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে “স্টার্টআপ বাংলাদেশ” এর অফিসিয়াল ফেইসবুক পেজে ( https://www.facebook.com/LetsStartupBD/ ) লাইভ সম্প্রচার করা হবে। সিলেট বিভাগের প্রায় ৬০ জনের অধিক প্রশিক্ষণার্থী অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই প্রশিক্ষণে অংশ নিবেন। দিনব্যাপী এই প্রশিক্ষণের বিষয়বস্তু হিসেবে থাকবে “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স” ও মেশিন লার্নিং, কোভিড-১৯ এর ওপরে এআই বেইজড্ রিসার্স এবং কম্পিউটার ভিশন ও আইওটি সেন্সর বেইজড্ অ্যাক্টিভিটি রিকগনিশন (হেল্থ কেয়ার এবং অন্যান্য অ্যাপ্লিকেশন)। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীগণ বিশেষজ্ঞদের মাধ্যমে “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স” সম্পর্কে জানার সুযোগ পাবে বলে জানান প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।